নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পুত্র ও তার রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার বিরুদ্ধে এক সংবাদকর্মীকে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ‘দৈনিক বিজনেস ফাইল’-এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মাহবুব হাওলাদার।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয়দানকারী নিশাত আফরিন এমিলা নামের এক নারীর বিরুদ্ধে প্রতারণা ও অপকর্মের সংবাদ প্রকাশ করে আসছিলেন সাংবাদিক মাহবুব হাওলাদার। এর জেরে ওই নারী সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে সাংবাদিক মাহবুবও সুবিচার চেয়ে ওই নারীর বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা করেন। বর্তমানে দুটি মামলাই নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) তদন্তাধীন রয়েছে।
অভিযোগ রয়েছে, এমপি-পুত্র আবুল কাউসার আশা অভিযুক্ত ওই নারীকে ব্যাকআপ ও সহায়তা দিয়ে আসছেন। বিষয়টি নিশ্চিত হতে ও তার নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের বিষয়ে জানতে আবুল কাউসার আশার ব্যক্তিগত মোবাইল ফোনে কল দেন সাংবাদিক মাহবুব হাওলাদার। পরিচয় দিয়ে প্রশ্ন করতেই আবুল কাউসার আশা মারমুখী আচরণ করেন এবং চরম অসংলগ্ন ও অসৌজন্যমূলক ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেন।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মাহবুব হাওলাদার বলেন, “পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে যে কোনো সংবাদের সত্যতা যাচাই করতে আমরা রাজনৈতিক ব্যক্তি বা জনপ্রতিনিধিদের কল দিতেই পারি। তাই বলে তিনি একজন গণমাধ্যমকর্মীকে ফোনকলে এভাবে গালিগালাজ বা হুমকি দিতে পারেন না।” তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
Leave a Reply