নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী কার্যক্রমের জন্য গোপন বৈঠক চলাকালে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের চতুর্থ তলার একটি কক্ষে জেলা গোয়েন্দা শাখার ক-জোনের ওসি পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো —কুমিল্লার দেবিদ্বার থানারপাড়া এলাকার এমরান সাকিব (২৬), লাকসামের গাজীরবাগ এলাকার নুর মোহাম্মদ মো. হৃদয় (২২) এবং লাঙ্গলকোটের মেলকট এলাকার মো. জোবায়ের (২০)। তারা বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সাইনবোর্ড ও ভূইগর এলাকায় বসবাস করছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবির দাবি, সাইনবোর্ড এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ‘মানিক গ্রুপের’ সদস্যরা সেখানে গোপন বৈঠক করছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে সাইকেলের স্পোক দিয়ে বিশেষ কায়দায় তৈরি দুটি কুড়াল, লোহার হাতলযুক্ত একটি কুড়াল, দুটি ছুরি, একটি টিপ চাকু ও একটি এসএস পাইপ।
Leave a Reply