নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিকের ছবি দিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে এক কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে বিষয়টি স্থানীয়দের নজরে এলে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। একপর্যায়ে স্থানীয় নারীরা তাকে ঘর থেকে বের করে দিলে এলাকায় কয়েকশ’ নারী-পুরুষ জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি বন্দর থানাধীন কদমরসূল কলেজ মাঠপাড়া এলাকার একটি আটতলা ভবনে। সেখানে প্রায় চার বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন তানজিনা আক্তার লিপি নামে ওই নারী।
ভবনের কেয়ারটেকার নাবিদুর রহমান নোবেলের অভিযোগ, লিপির কাছে চার মাসের ৪০ হাজার টাকা ভাড়া পাওনা রয়েছে। এই টাকা চাইতে গেলে তাকে গালিগালাজ, ভয়ভীতি ও ‘জেল খাটানোর’ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি এর আগে বন্দর থানায় লিখিত অভিযোগও করেছেন।
নোবেলের অভিযোগ, টাকা চাওয়াকে কেন্দ্র করে গত শনিবার (১৫ আগস্ট) রাতে ভবনের মালিকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ একটি পোস্ট শেয়ার করেন লিপি।
রোববার বিকেলে পোস্টটি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় নারী-পুরুষরা এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠলে একপর্যায়ে কয়েকজন নারী তাকে ঘর থেকে বের করে দেন। পরে ঘটনাস্থলে কয়েকশ’ নারী-পুরুষ জড়ো হন।
স্থানীয়দের অভিযোগ, ওই নারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় এলাকার মানুষকে ভয়ভীতি দেখান। এমনকি মানুষকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে—এমন দাবি করেন স্থানীয়রা। তার কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ বলেও অভিযোগ তাদের।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, “খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। স্থানীয়দের অভিযোগ, ওই নারী সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের সম্মানহানি, ভয়ভীতি প্রদর্শন করে টাকা-পয়সা আদায় করেন। এছাড়া স্থানীয় জনতা ও কয়েকজন দোকানদারের কাছ থেকেও তার টাকা পাওনা রয়েছে বলে অভিযোগ পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে সতর্ক করা হয়েছে।”
Leave a Reply