উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্ট:

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে “বিতর্ক উৎসব ২০২৬” জাঁকজমক পরিবেশে উদ্বোধন করা হয়েছে।

আজ ১৫ই জুন ২০২৬, সোমবার সকাল ১০ ঘটিকায়  নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো “নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬”।
“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে Climate Resilient Campus Initiative এর আওতায় উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর এর আয়োজনে এবং লজিক অফ বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই বিতর্ক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির। উৎসবের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের যুক্তিনিষ্ঠ ও বিশ্লেষণী মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং জলবায়ু সচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজনের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জকে “প্রাচ্যের ডান্ডি” হিসেবে শিক্ষা ও মেধাচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় একটি বিতর্ক কর্মশালা, যেখানে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৪টিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ জন শিক্ষার্থী এবং ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। ৮ দিনব্যাপী এই উৎসবে প্রাথমিক পর্যায় থেকে ৩২টি এবং মাধ্যমিক পর্যায় থেকে ২৮টি দল প্রতিযোগিতায় অংশ নেবে, যেখান থেকে নকআউট পদ্ধতিতে নির্বাচিত শ্রেষ্ঠ দুটি দল আগামী ২২ জুন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করবে।
প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ শুধুমাত্র শিল্প নগরী নয়, শিক্ষা, মেধা ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমেও অগ্রগামী। এই “বিতর্ক উৎসব ২০২৬” নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করে জাতীয় বিতর্ক অঙ্গনের সাথে নারায়ণগঞ্জের ঐতিহ্যের একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK