নারায়ণগঞ্জ প্রতিদিন:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি মো. বাবুল হোসেন ওরফে বাবু (৪৫)-কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, কেরাণীগঞ্জের বাসিন্দা বাবুল হোসেন দীর্ঘদিন ধরে যশোরসহ দেশের দক্ষিণাঞ্চলে অবস্থান করে কৌশলে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। এমন তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল ৯ জুন ২০২৬ তারিখ দুপুরে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে যশোরগামী ‘লিটন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাধারণ যাত্রীর ছদ্মবেশে থাকা বাবুল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানান, তিনি দীর্ঘদিন ধরে যশোর, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের বিভিন্ন মাদক কারবারির কাছে ইয়াবা সরবরাহ করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি প্রথমে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা ঢাকার কেরাণীগঞ্জে নিয়ে আসতেন। এরপর সেখান থেকে বাসযোগে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।
ডিএনসি আরও জানায়, আটক ব্যক্তি এর আগেও একাধিক বড় ইয়াবার চালান পাচার করেছে বলে স্বীকার করেছে। তার সঙ্গে কেরাণীগঞ্জ, চট্টগ্রাম ও টেকনাফ এলাকার মাদক কারবারিদেরও যোগাযোগ রয়েছে।
এ ঘটনায় আটক বাবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, ইয়াবাসহ সব ধরনের অবৈধ মাদকের বিস্তার রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply